এবার চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ। সোমবার দ্বিতীয় ম্যাচে করেছেন ১৪ বলে ৪ রান। ফিল্ডিংয়ের সময় সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রর ক্যাচ মিস করেছেন। পরে অবশ্য একটি রান আউট করেন তিনি।
আর প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারা মুশফিক গতকাল দ্বিতীয় ম্যাচে করেছেন ৫ বলে ২ রান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাদের নিয়ে উঠলো প্রশ্ন। অটো চয়েজ বলেই কি একাদশে সুযোগ পাচ্ছেন মুশফিক-রিয়াদ?
জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'না না, এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।'
শান্ত আরও বলেন, 'দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরা ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।'
পরে মুশফিককে নিয়ে শান্ত বলেন, 'মুশফিক ভাইয়ের ৪-৫ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কীভাবে দলের জন্য অবদান রেখেছে। শেষ ৩ ইনিংস হয়নি হয়ত, হতে পারে। হয়তো পরের ম্যাচে উনি কামব্যাক করবে।'