ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে আহত ২৫

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী বাস উল্টে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিল। এ সময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ২৫জন শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।