বার্সা কোচ ফ্লিক বললেন, আতলেতিকো দুর্দান্ত দল তবে লড়াইটা দুই লেগের

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে বার্সেলোনা মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। এই ম্যাচের আগে দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ হান্সি ফ্লিক।

আতলেতিকোর বিপক্ষে দুই মাস আগে হেরেছিল বার্সেলোনা। গত ডিসেম্বরে লা লিগায় প্রথম লেগে প্রথমে এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে দুই গোল হজম করে হেরে বসে ফ্লিকের দল।

১৮ বছরের মধ্যে সেটা ছিল বার্সেলোনার মাঠে আতলেতিকোর প্রথম লিগ ম্যাচ জয়।

ফ্লিক বলেন, 'এটা নতুন ম্যাচ এবং আমাদের সেটার প্রমাণ দিতে হবে। আতলেতিকো দুর্দান্ত এক দল, তারা (দল গোছানোয়) অনেক অর্থ বিনিয়োগ করেছে। সেরা ডিফেন্ডাররা আছে, আক্রমণভাগও সেরা। কঠিন এক লড়াই হতে যাচ্ছে।'

লিগে হারলেও এবার খেলা হবে দুই লেগে সেটি মনে করিয়ে দিলেন ফ্লিক। 'গোল করার সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, গোল করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এটাও মনে রাখতে হবে, এবারের লড়াইটা দুই লেগের, এক ম্যাচের নয়।' এই বছর কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা।

আতলেতিকোর বিপক্ষে লামিন ইয়ামালের খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। ম্যাচের আগে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।