বারদীতে একই পরিবারের নারীসহ ৫ সদস্যকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারদী এলাকার আলগীরচর এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনায় ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল লতিফের সাথে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার প্রতিবেশী আব্দুল কাদিরের বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন যাবত লতিফ ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে কাদির। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে আব্দুল কাদিরের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, ছুরি, লোহার রড হকিষ্টিক ও লাঠি নিয়ে লতিফের বাড়িতে অর্তকিত হামলা চালায়। এসময় হামলাকারীরা আব্দুল লতিফের ছেলে সাব্বির হোসেন, মেয়ে মাকসুদা আক্তার, আরেক ছেলে মিজানের স্ত্রী সুমি আক্তার, নাতি তরিকুল ইসলাম ও শাহরিয়ারকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত মাকসুদা আক্তার ও সুমি আক্তারের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার  দুপুরে ব্যবসায়ী আব্দুল লতিফ বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারী জানান, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।