সাবেক প্রতিমন্ত্রী পলক তিন মামলায় ১২ দিনের রিমান্ডে

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানিয়েছেন, হত্যাসহ পৃথক তিনটি মামলায় পুলিশের করা ১৯ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

তিনি বলেন, সকালে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সাবেক প্রতিমন্ত্রী পলককে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।