১০০ গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ‘মায়ের ডাক’

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে ১০০ গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে ‘মায়ের ডাক’। সংগঠনের প্রতিনিধিদের পক্ষে মঙ্গলবার আইনজীবী মোহাম্মদ শিশির মনির ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ অভিযোগ দায়ের করেন।

মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি দেশ রূপান্তরকে বলেন, ১০০ গুমের অভিযোগ দায়ের করা হয়েছে। এতে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, র‌্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানসহ সংশ্লিষ্ট আরও অনেককে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউশন অভিযোগগুলো তদন্তের জন্য গ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘আজকে ১০০ অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে আমাদের কাছে আরও অভিযোগ আসছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। ভুক্তভোগীর তথ্য, সাক্ষী এসব বিষয় দেখে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে অভিযোগগুলো দাখিল করা হবে।