আইন শৃঙ্খলার অবনতি

স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে আইনজীবীদের নোটিশ  

ঢাকাসহ সারা দেশে ব্যাপকহারে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এ নোটিশ পাঠান। নোটিশদাতা আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, নোটিশের ব্যত্যয় হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে জনস্বার্থে রিট আবেদন করা হবে।

নোটিশে আইনজীবী বলেন, ঢাকা মেটোপলিটন এলাকাসহ সারা দেশে জনসম্মুখে পিস্তল, চাপাতি ও রামদা হাতে এবং সাধারণ মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়া ধর্ষণের ঘটনাও বাড়ছে। সাধারণ মানুষের সার্বিক প্রয়োজনে রাস্তায় বের হওয়া এখন হুমকির মুখে, যেখানে সেখানে জনসম্মুখে গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করা হচ্ছে। ফলে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী, বাসায় মা-বোনেরা-সাধারণ মানুষ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।