অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি -এমসিসিআই

দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলছে, ডিসেম্বর প্রান্তিকে অর্থনীতির ধারাবাহিকতা পুনরুদ্ধার হলেও মূল্যস্ফীতিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে।

সম্প্রতি এমসিসিআই প্রকাশিত চলতি ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এ চিত্র উঠে এসেছে। সংগঠনটি বলছে, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির লাগাম টানতে ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কঠোর মুদ্রানীতি গ্রহণ করেছে। আমদানি-রপ্তানির সঙ্গে কেন্দ্রীয়  ব্যাংকের নীতির কারণে পরিস্থিতি স্থিতিশীল হবে।

এমসিসিআই বলছে, গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বেড়েছে রপ্তানির সঙ্গে প্রবাসী আয়ও। তবে মূল্যস্ফীতিসহ আরও কিছু চাপ রয়ে গেছে।

এমসিসিআই আরও জানায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স ও রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে প্রবাসী আয়ে ২৭ দশমিক ৫৬ শতাংশ এবং রপ্তানিতে ১০ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ৩৪৭ কোটি মার্কিন ডলার ঘাটতি কাটিয়ে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত দেখা গেছে।