আমিরাতে আফিদাদের প্রমাণের রাত

র‌্যাংকিংয়ে ষোল ধাপ এগিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামবে আফিদা খন্দকারের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচটা হতে যাচ্ছে বাংলাদেশের একঝাঁক নতুন ফুটবলারের প্রমাণের মঞ্চ। গত বছর সাফজয়ী বাংলাদেশ দলের ১৫ জন ফুটবলার নেই পিটার বাটলারের এই দলে। মঙ্গলবার ভোরে বাংলাদেশ দল দুবাই পৌঁছানোর পর রাতে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের আরেকটি টার্ফে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিশ্ব র‌্যাংকিংয়ের ১১৬ তম স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শীর্ষ পর্যায়ে এটাই ১৩২তম বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে বয়সভিত্তিক পর্যায়ে একাধিকবার এই দলের সঙ্গে খেলার এবং জেতার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এই ম্যাচে জয় পেলে একই সঙ্গে র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ যেমন থাকবে, পাশাপাশি ১৮ বিদ্রোহী ফুটবলারের ফেরার পথটা সংকীর্ণ হবে। এই সফরে বাংলাদেশ একই প্রতিপক্ষের সঙ্গে দ্বিতীয় ম্যাচটি খেলবে ২ মার্চ। তবে সেটি ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচের ফলাফল র‌্যাংকিং প্রভাবক হবে না।