আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট দেখতে চান ছেলেদের অধিনায়ক

তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের নারীদের ওপর নিপীড়নের খড়গ নেমে এসেছে। বন্ধ হয়ে গেছে বাইরে যাওয়া, পড়াশোনা, শিল্পচর্চা, খেলাধুলা। প্রাণ বাচাঁতে নারী ক্রিকেটাররা দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে আফগান ক্রিকেটের দুই সুপারস্টার মোহাম্মদ নবি আর রশিদ খান নারী ক্রিকেট চালুর পক্ষে কথা বলেছিলেন। এবার মুখ খুললেন আফগান পুরুষ দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

চলতি চ্যাম্পিয়নস ট্রফির আগে আফগানিস্তানের নারী ক্রিকেট বন্ধ নিয়ে অনেক শোরগোল হয়েছিল। আফগানিস্তানের ম্যাচ বয়কটের আহবান জানিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদেরা। অস্ট্রেলিয়া তো এই কারণে আফগানদের বিপক্ষে সিরিজও বাতিল করেছে। এদিকে টেস্ট মর্যাদা এবং আইসিসির রাজস্বের ভাগ পাওয়ার অন্যতম শর্ত হলো নারী ক্রিকেট চালু থাকা। কিন্তু দীর্ঘদিন ধরেই সেই শর্ত মানছে না আফগানিস্তান।

এবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাশমতউল্লাহ শহিদিকে সরাসরি এ বিষয়ে প্রশ্ন করা হলো। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ (আফগান নারীদের খেলায় সমর্থন আছে), সবাই চায় সবাইকে খেলতে দেখতে। তবে আগেও যেমন বলেছি, রাজনীতির বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা স্রেফ খেলোয়াড়। মাঠের ভেতরের ব্যাপারগুলোই কেবল আমাদের নিয়ন্ত্রণে থাকে। মাঠই আমাদের স্থান এবং সেখানে নেমে খেলার সময় আমরা সবসময় শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

এছাড়া ইংল্যান্ডের এই ম্যাচ বর্জন বিষয়ক এক প্রশ্নের জবাবে শহিদি বলেছিলেন, ‘আমরা স্রেফ ক্রিকেট খেলোয়াড়, আমরা ক্রীড়াবিদ। মাঠের ভেতরের ব্যাপারই কেবল আমাদের হাতে আছে। মাঠের বাইরের ব্যাপার নিয়ে আমরা চিন্তিত নই। নিজের আত্মবিশ্বাসে ধাক্কা লাগার মতো কিছু করতে পারি না। ভালোভাবে নেট সেশন করি, কঠোর পরিশ্রম করি ও মাঠে নেমে কঠিনভাবে খেলার চেষ্টা করি। আমরা সেটাই ভাবছি এবং মাঠের ভেতরে যা করা যায়, আমরা কেবল সেটাই করতে পারি।’