পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সয়াবিন তেলের কারখানা গড়ে তুলে খোলা তেল বোতলজাত করার অভিযোগে কারখানা মালিকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৩ হাজার ১৩২ লিটার তেলসহ পরিবহনের সঙ্গে যুক্ত দু’টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি আজিম উদ্দীন। এদিন সকালে উপজেলা মাঝগ্রাম এলাকায় নামবিহীন কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নকল লেবেল লাগানো সয়াবিন তেলের বোতলসহ প্যাকেট ও দুটি পিকআপ জব্দ করে পুলিশ। জব্দকৃত তেলের বাজার মূল্য আনুমানিক ৬ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা।
পুলিশ বলছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারের কর ফাঁকি দিয়ে খোলা সয়াবিন তেল বোতলজাত করে আসছিলেন তারা। এ ঘটনায় আটকের পর তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এদিকে বোদা থানার ওসি আজিম উদ্দীন বলেন, অনুমোদনহীন অবৈধ প্রতিষ্ঠান গড়ে তুলেন আজিজ। দীর্ঘদিন ধরে খোলা তেল ড্রামে করে নিয়ে এসে বিভিন্ন কোম্পানির ভুয়া লেবেল তৈরি করে বোতলজাত তেল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। একইসঙ্গে তেলসহ দুটি পিকআপ জব্দ করা হয়েছে। মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার দেখিয়ে বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।