পিয়াস মজিদের কবিতার বই ‘রূপকথার রাস্তাঘাট’

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি পিয়াস মজিদের নতুন কবিতার বই ‘রূপকথার রাস্তাঘাট’। বেঙ্গলবুকস থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ১১৮-১১৯ নম্বর স্টলে।  এর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আজহার ফরহাদ।

‘রূপকথার রাস্তাঘাট’ প্রসঙ্গে কবি পিয়াস মজিদ বলেন, ‘আমাদের বাস্তবিক পৃথিবীটাকে রূপাকথার সঙ্গে জড়িয়ে দেওয়ার চিন্তা থেকেই এ বইটি লেখা। এটি অনেকগুলো কবিতার সংগ্রহ।’

তিনি বলেন, ‘একটি কবিতার শেষ লাইন ছিল রূপকথার রাস্তারা জন্মায়; কিন্তু মরে না। আমারও তাই মনে হয়। হয়তো স্বপ্নভঙ্গ হয়, কিন্তু স্বপ্নটা থেকেই যায়। ওই ধারণা থেকেই ‘রূপকথার রাস্তাঘাট’-এর জন্ম।’

বাংলা একাডেমিতে কর্মরত কবি পিয়াস মজিদের জন্ম ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর এই কবির রয়েছে বেশ কিছু কবিতার বই। লেখালেখির সূত্রে পেয়েছেন কয়েকটি পুরস্কার ও সম্মাননা, ঘুরেছেন বিশ্বের অনেক দেশ।