প্রতিবন্ধীদের ভরসার স্থল নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম 

সারাদেশে ‘মানবিক ডিসি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা প্রতিবন্ধীদের ভরসার স্থল হয়ে উঠেছেন। প্রতিবন্ধীদের যে কোন বিষয় তার কাছে হয়ে উঠে সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ। জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে দিয়েছেন প্রতিবন্ধীদের কোন ফাইল একদিনও যেন আটকে রাখা না হয়। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম  বলেছেন, ‘প্রতিবন্ধী শিশুরা সমাজের জন্য বোঝা নয় বরং তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। সকলের ভালোবাসা এবং সহযোগিতা পেলে তারা দেশের সম্পদে পরিণত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেল (ভূমি) কর্মকর্তা উবায়ূর রহমান শাহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী আকতার হোসেন, জেলা সমাজসেবার উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার প্রমুখ।

পুরস্কার বিতরণ শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম  নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন এবং পিঠা উৎসবের উদ্বোধন, পতাকা উত্তোলন, কুজকাওয়াজ পরিদর্শন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কক্ষ উদ্বোধন করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা, যেখানে শুধু পাঠদান নয়, নৈতিক শিক্ষা ও মনুষ্যত্ববোধ গড়ে তোলা জরুরি।’ জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সবশেষে, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজ পরিদর্শন করেন। সেখানে পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান সমাজের বাতিঘর, যা আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানিয়ে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দেন।

জানা গেছে, মাদকের অভয়ারণ্য হিসাবে খ্যাত নারায়ানগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়ার ইতিহাসে কোন জেলা প্রশাসক সেখানে পরিদর্শন করেন নাই। এলিট ফোর্স র‍্যাবও হামলার শিকার হয়েছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে। চারদিকে থেকে নদী বেষ্টিত এই চনপাড়ায় দায়িত্ব নেয়ার পরেই একটি অনুষ্ঠানে গেলে স্থানীয়  নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজর শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্কুল ব্যাগ ও জুতোর আবদার করেছিল।

সেই কথা অনুযায়ী জেলা প্রশাসক বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোট ৭৩৭ জন শিক্ষার্থীর মাঝে নতুন জুতা ও ব্যাগ উপহার দিলেন

জেলা প্রশাসকের কাছে থেকে উপহার পেয়ে এক প্রতিক্রিয়ায় নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজর দ্বাদশ শ্রেনীর ছাত্রী আছিয়া খাতুন বলেন, ‘মাদকের হাট বলে পরিচিতি পাওয়ায়  ইতিপুর্বে এখানে কোন জেলা প্রশাসক আসেন নাই । কিন্তু এই ডিসি স্যার দুই সপ্তাহের মাথায় দুইবার পরিদর্শন করলেন। আমরা এখন অনেক খুশি। আশা করছি স্থায়ীভাবে চনপাড়া থেকে মাদক নির্মুলে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন এই ডিসি স্যার।’

জেলা প্রশাসক তার বক্ততায় বলেন, ‘নব কিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের উন্নয়নের জন্য যা যা দরকার সবই আমরা করবো। কিন্তু শর্ত একটাই, এই প্রতিষ্ঠানের পাশের হার শত ভাগে উন্নীত করতে হবে।’ তিনি শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহবান জানান।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলার প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পাঁচ উপজেলার ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি ইলেকট্রিক চেয়ার, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি কৃত্তিম বেইস (পায়ের ডিভাইস), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ জন ছাত্রকে ওয়াকিং স্ট্যান্ড এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কিডস ক্যাম্পাস স্কুল এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ও সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করা হয়।