ঘুষ গ্রহণের অভিযোগে দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দির স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম ও কারারক্ষী আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়লে কারা কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। 

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে কারাবন্দির সঙ্গে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা উৎকোচ গ্রহণ করেন। 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসায় তাৎক্ষণিকভাবে দুই কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।