বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং স্ব-শিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে ৩ দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা’ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিষদের ধানমন্ডি ক্যাম্পাসে শেষ হয়েছে।
ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ‘প্রতিবছর এই আয়োজনের মাধ্যমে নতুন নতুন বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক সৃষ্টির ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।’
সভাপতির ভাষণে পরিষদের মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্য বলেন, ‘সারা দেশে বিভিন্ন স্কুল, কলেজ থেকে ৭৫ টির অধিক প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর ফলে সারা দেশে সাধারণ মানুষের কাছে পৌছান আমাদের যে প্রয়াস ছিলো সেটা অনেকটাই সফল হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প তাদের সুপ্ত মনের চিন্তা-চেতনা আমাদেরকে বিমোহিত করেছে। শিক্ষার্থীদের ৩ টি গ্রুপে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিলো অভাবনীয় যা বিজ্ঞান শিক্ষার প্রতি তাদের আকর্ষন বাড়িয়েছে।’
৩ দিন ব্যাপী (২৪-২৬ ফেব্রুয়ারী) আয়োজিত এই ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপে প্রতিষ্ঠানের ৬৮টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে অংশ গ্রহণ করে প্রায় ২৫০ ক্ষুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান ও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য তাদের কার্যক্রম তুলে ধরেন।’