ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে অস্ত্র জমা দেওয়া শুরু করেছে বিদ্রোহীরা। প্রায় দুই বছর ধরে ব্যাপক বিক্ষোভ-সহিংসতার পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। পরে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা। গভর্নরের সে আহ্বানে সাড়া দিয়েছে বিদ্রোহীদের একাংশ।
অস্ত্র সমর্পণের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন গভর্নর। গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা দেবে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না সরকার। এনডিটিভি জানিয়েছে, ইতিমধ্যে ১২টি সিএমজি বন্দুক, ২টি পয়েন্ট ৩০৩ রাইফেল, ২টি এসএলআর রাইফেল, ৪টি এসবিবিএল রাইফেলসহ বিপুল পরিমাণ ম্যাগজিন-তাজা গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম জমা পড়েছে গত পাঁচ দিনে। সমর্পণ করা এসব অস্ত্র-গোলাবারুদের ছবি প্রকাশ করেছে মণিপুর রাজ্য প্রশাসন।