দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে দুবাই চেম্বার। গতকাল বুধবার দুবাই চেম্বার্স আয়োজিত সংযুক্ত আরব আমিরাত সফরকারী ডিসিসিআইর প্রতিনিধিদলের সঙ্গে দুবাই চেম্বারের এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এদিন দুবাই-বাংলাদেশ বিজনেস ব্রিফিং শীর্ষক এ দ্বিপক্ষীয় মতবিনিময় সভা হয় দুবাই চেম্বার মিলনায়তনে। ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ এবং দুবাই চেম্বার্সের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী রাশেদ লুতাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিটিতে সই করেন।
এর আওতায় উভয় সংগঠনের অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিটুবি ম্যাচ মেকিংয়ের আয়োজন, যৌথ বিনিয়োগ উৎসাহিত করা, বাণিজ্য সভা, মেলা বা প্রদর্শনীর আয়োজন এবং সর্বোপরি বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদানকে গুরুত্ব দেওয়া হবে।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২৯ সদস্যের ডিসিসিআইর একটি বাণিজ্য প্রতিনিধিদল বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছে। মতবিনিময় সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি প্রবাসীদের জন্য অন্যতম বৃহত্তম একটি বাজার এবং বিদেশে কর্মরত মোট প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে প্রায় ১৭ শতাংশই এ দেশটিতে কর্মরত রয়েছে, যা সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক বিনিয়োগ কাঠামো, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল রেগুলেটরি পরিবেশ ইত্যাদি কারণে দুবাইয়ের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশ হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্য।