বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, সে সংস্কৃতির পরিপ্রেক্ষিতে এমন একটা ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে পথকে আরও সহজ করে নিয়ে আসবে।
গতকাল বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলার ইতি প্রকাশনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটি বদ্ধ একদলীয় শাসনব্যবস্থা ছিল বাকশাল। সেখান থেকে নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত সংবাদপত্র। এটা এখন অনেকেই ভুলে গেছেন, এ তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব সংবাদপত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা মুক্ত করে দিয়েছিলেন, মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া তিনি পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন।’
ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করার চক্রান্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সেই ইতিহাস তারা ১৫ বছর ধরে বিকৃত করেছে। আনন্দের কথা, কেউ ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে কেউ ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, মুক্ত চিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।’
এ সময় দলের নেতা আবদুস সালাম, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে বর্ধিত সভার শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ দেখতে যান।
ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : এদিকে গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।
বিষয়টি নিশ্চিত করে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক সাক্ষাৎ করেছেন। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।