আইন নিজের হাতে তুলে নেবেন না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার সকালে সাভারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি’ অ্যাপসের উদ্বোধন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশসহ যৌথ বাহিনী কাজ করে যাচ্ছে, অপরাধ দমনে জনগণকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকে সন্তানদের অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার শিক্ষা দিতে হবে। পুলিশের পাশাপাশি আর্মি, র‌্যাব, বিজিবি কাজ করছে। তারপরও কিছু অঘটন ঘটছে। সেসব ক্ষেত্রে দ্রুত সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।’

এ সময় তিনি অপরাধ দমনে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে, তাই সেসময় বিশেষ নজরদারি রাখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না, তা দেখা হচ্ছে।’

উপদেষ্টা কৃষি বিষয়ে বলেন, ‘দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি কমে গেছে, আমাদের কৃষকরা ভালো উৎপাদন করে চাহিদার অনেকটাই মেটাচ্ছেন। তাদের সহযোগিতায় কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ (গতকাল) তাদের সুবিধার্থে এই অ্যাপের উদ্বোধন করা হলো।’

অনুষ্ঠানে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরে আকস্মিক চেকপোস্ট ও থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা : ঢাকা মহানগর এলাকার জননিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট বা তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা তার বারিধারার ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণী (নভোথিয়েটার), মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন। পরে নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত আসেন। পথে তিনি আশপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন।