১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ ও অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, রমজান মাসে হাইকোর্টে আদালতের সময়সূচি হবে রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এ ছাড়া হাইকোর্টে অফিস সময়সূচিতে বলা হয়েছে, রবি থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এদিকে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক বিজ্ঞপ্তিতে রমজান মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। এতে বলা হয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত আপিল বিভাগে অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। তবে রমজান মাসে আপিল বিভাগের আদালত কার্যক্রমের সময় অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।