ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খালস খনন, খালের পানি দূষণ রোধ ও টেকসই উন্নয়নে বিশ্ব ব্যাংক সহায়তা করবে। গতকাল বুধবার রাজধানীর গুলশানের নগরভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাতের সময় এ বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে খালগুলোর উন্নয়ন, পানিদূষণ রোধকল্পে খালের ময়লা অপসারণ (ফিক্যাল সø্যাজ ম্যানেজমেন্ট) এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে।
ডিএনসিসির প্রশাসক বলেন, আমরা এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বিতভাবে খালের উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ব ব্যাংকের সহায়তা ঢাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে এবং খালের দূষণরোধ করে পরিবেশবান্ধব শহর গড়তে ব্যাপক ভূমিকা রাখবে।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার হার্শ গোয়েল, লিড ওয়াটার স্পেশালিস্ট ডেভিড ম্যালকম লর্ড, সিনিয়র ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন স্পেশালিস্ট আরিফ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম ও ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।