পর্যটকদের জন্য দরজা খুলল উত্তর কোরিয়া

করোনা মহামারির পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন একদল বিদেশি পর্যটক। গত পাঁচ বছরে রাশিয়ার একদল পর্যটক ছাড়া আর কোনো বিদেশি দেশটিতে প্রবেশ করেননি। 

বেইজিংভিত্তিক ট্রাভেল কোম্পানি কোরিও ট্যুরস জানিয়েছে, তারা ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাসন শহরে ১৩ জন বিদেশি পর্যটকের পাঁচ দিনের সফরের ব্যবস্থা করেছে। রাসনে উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত।

বিশেষজ্ঞরা বলছেন, এই সফর ইঙ্গিত দিচ্ছে, উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন শিল্প ফের চালুর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে দেশটি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আয় করতে চাচ্ছে, যা তার সংকটাপন্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।