তলানীতে নামা পাকিস্তানের 'পেশাদারিত্ব ও সচেতনতা' বাড়ানোর তাগিদ রিজওয়ানের

বৃষ্টিতে কুড়িয়ে পাওয়া এক পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করলো গতবারের চ্যাম্পিয়ন ও আয়োজক পাকিস্তান। দল নিয়ে হতাশ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। প্রত্যাশা ছিল অনেক, কিন্তু মাঠের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। বাংলাদেশের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রিজওয়ান বলেন, "আমরা আমাদের দেশের সামনে ভালো খেলতে চেয়েছিলাম। প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু আমরা ভালো করতে পারিনি, যা আমাদের জন্য হতাশার।"

তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যান। তিনি বলেন, "মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয়। গত কয়েকটি ম্যাচে আমরা ভুল করেছি। আশা করি, এগুলো থেকে আমরা শিক্ষা নেবো। সামনে আমরা নিউজিল্যান্ড সফরে যাচ্ছি। পাকিস্তানে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে ভুলগুলো করেছি, তা থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডে ভালো করতে চাই।"

পাকিস্তান দলে একের পর এক ইনজুরির ধাক্কা বড় প্রভাব ফেলেছে, তবে এটাকে অজুহাত হিসেবে দেখছেন না রিজওয়ান। তিনি বলেন, "যে খেলোয়াড়রা গত কয়েক মাসে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ভালো পারফর্ম করছিল, দলটা একসঙ্গে ভালো খেলছিল। কিন্তু যখন কেউ হুট করে ইনজুরিতে পড়ে, তখন দল ব্যালান্স হারায়। একজন অধিনায়ক হিসেবে এটা চিন্তা করতে হয়। একদিক থেকে দেখলে দল ব্যাহত হয়েছে, কিন্তু এটাকে অজুহাত বলা ঠিক হবে না। হ্যাঁ, ফখর জামান ও সাইম আইয়ুব চোট পেয়েছে, কিন্তু আমরা এখান থেকেও শিখবো।"

পাকিস্তানের বেঞ্চ স্ট্রেংথ নিয়ে প্রশ্ন উঠলে রিজওয়ান সরাসরি বলেন, "এটা খুব কঠিন প্রশ্ন। পাকিস্তানের বেঞ্চ স্ট্রেংথ… পাঁচটি দল আছে পাকিস্তান কাপে। বিভিন্ন জায়গায় উন্নতির দরকার। যদি আমরা পাকিস্তানকে উচু মানের দল বানাতে চাই, তাহলে আমাদের পেশাদারিত্ব ও সচেতনতা বাড়াতে হবে। চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা কিছু উন্নতি দেখতে পেয়েছি, কিন্তু আরও উন্নতি দরকার।"

শেষে নিজের অনুভূতি জানিয়ে রিজওয়ান বলেন, "আমরা সবাই খুব হতাশ। আমরা দেশের জন্য খেলি। পাকিস্তান আমাদের প্রথম অগ্রাধিকার। জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমরা মেনে নিচ্ছি যে আমরা ভালো খেলতে পারিনি। তবে আমরা আরও কঠোর পরিশ্রম করবো এবং ফিরে আসবো।"