জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। যার ইংরেজি নাম হবে National Citizen Party (NCP)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আখতার হোসেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আছেন সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হিসেবে রয়েছেন হাসনাত আবদুল্লাহ।
আগামীকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলামও। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।