আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

সাভারের আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবীর। এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- পটুয়াখালীর গলাচিপা থানার পারদাউকা গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে খায়ের হোসেন (৩৫), বরিশাল জেলার কাজিরহাট থানার সোনাপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে কবির হোসেন (৪৫), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চরসিলেবাস গ্রামের ছলেমান আলীর ছেলে ইমরান আলী (৪২), নাটোর জেলার সিংড়া থানার গোডাউনপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুমন মিয়া (৫৫) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রাজবাড়ী গুচ্ছগ্রাম এলাকার মৃত ফজর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫০)। তারা সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করে আসছিলেন। এ সময় ডাকাত সদস্য রিপন, তালিম, রহমত উল্লাহসহ আরো ৩/৪ জন পালিয়ে যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবীর বলেন, আশুলিয়ার নয়ারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে খবর পাই একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে বাইশমাইল রোড কবরস্থানের পাশে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়া থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি টর্চলাইট, ১টি রামদা, ১টি বড় দা, ১টি বড় চাইনিজ কুড়াল, ১টি কাটার, ১টি বড় কাঠের লাঠি উদ্ধার এবং একটি মিনি পিকআপ (ঢাকা মেট্টো-ন- ২০-৯৬৬৪) জব্দ করা হয়।

গ্রেপ্তার ডাকাত সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আশুলিয়া থানায় মামলা দায়েরের পর রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে সাভারের আনন্দপুরে ৮ লক্ষ ৭০ হাজার টাকা চুরি যাওয়ার ঘটনায় ইদ্রিস খান নামে একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়।