নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. নাজমুল ইসলাম গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিকেলে গাজীপুর থেকে অপর আসামি রনিকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর একটি টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১-এর লেফটেন্যান্ট কর্নেল (সিও) এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মামলার ভিকটিম আসামিদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি করত। ভিকটিম আসামির বাড়িতে থাকা অবস্থায় মো. নাজমুল ইসলাম বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিত।
গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ভুক্তভোগীর সঙ্গে তার স্বামী ওই বাসায় দেখা করতে গেলে গ্রেপ্তার আসামিসহ অপর আসামি তার বন্ধু রনি এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে ভিকটিমের স্বামীকে টানাহেঁচড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ও গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকিসহ মারধর করে মোবাইল সেট এবং নগদ টাকা নিয়ে যায়।
এ সময় আসামিরা তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে একই তারিখ রাত আড়াইটার দিকে গ্রেপ্তার ১নং আসামি ও ২নং আসামি ভিকটিমের বাসায় প্রবেশ করে তার স্বামীকে হত্যাচেষ্টার ভিডিও জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনাটি প্রকাশ করলে আসামিরা তার স্বামীকে খুন করবে বলে হুমকি দেয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রধান আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।