দুবাইয়ের বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার। সেই দুবাইয়ে এবার হতে যাচ্ছে বুর্জ মেসি বা মেসি টাওয়ার! আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দুবাইয়ে নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পৃষ্ঠপোষক প্রেস্টিজ ওয়ান ডেভলপমেন্ট এর সহযোগিতায় দুবাইয়ে হবে টাওয়ার। এটির নাম মূলত এএফএ টাওয়ার, তবে আরব আমিরাতে থাকা স্থানীয়রা এরই মধ্যে এই প্রজেক্টকে 'বুর্জ মেসি বা মেসি টাওয়ার' নামে ডাকা শুরু করেছেন।
আরব আমিরাতের দুবাই এখন বিশ্বের অন্যতম ব্যয়বহুল রিয়েল এস্টেট মার্কেট। এই টাওয়ার নির্মাণের মাধ্যমে নিজেদের অবস্থান মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও শক্ত করতে চায় এএফএ। এছাড়া আর্থিকভাবেও লাভবান হওয়া যাবে। এই অঞ্চলে ফুটবল উন্নয়নে বিশেষ করে ফুটবল একাডেমির বিষয়ে সহায়তা করবে আর্জেন্টিনা।
মধ্যপ্রাচ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগে থেকেই নানা ভাবে নিজেদের প্রচার করে আসছে। ২০২২ সালে প্রীতি ম্যাচ খেলতে আমিরাতে গিয়েছিল আর্জেন্টিনা দল। এই অঞ্চলের জন্য আলাদাভাবে সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলও আছে আর্জেন্টিনা ফুটবল দলের।