প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড

প্রেমিকা ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিক মারুফ হাসান বাধন নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মুহাম্মদ সামছুল ইসলাম এ দণ্ড দেন। দণ্ড দিয়ে বাধনকে কারাগারে পাঠানো হয়। ২০১৯ সালের ২৩ আগস্ট বাধনকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাধনের সঙ্গে ভিকটিম আসমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালের ১৮ আগস্ট তারা পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় চলে আসেন। কোনও আবাসিক হোটেল না পেয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেন। এক পর্যায়ে বলাকা ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে তাকে নিয়ে যান বাধন। সেখানে আসমাকে ধর্ষণ করেন। আসমা চিৎকার করলে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে বাধন তাকে হত্যা করেন। এরপর বাধন ফের পঞ্চগড়ে ফিরে যান।

এ ঘটনায় ভিকটিমের চাচা রাজু আহমেদ বাদী ঢাকার রেলওয়ে থানায় এ মামলাটি করেন। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।