গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি থেকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ পদত্যাগ করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে রিফাত রশিদ আর নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বলেন, গত বুধবার আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কখনোই আমরা চাই না যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক। গত বুধবার একটা অংশ এসে উত্তেজনার সৃষ্টি করে। আমরা কমিটি ঘোষণার আগেই এ পরিস্থিতি করার চেষ্টা করা হয়।
তিনি বলেন, অনেক ছাত্র সংগঠনের মধ্যে শিক্ষার্থীরা অছাত্র হওয়া সত্ত্বেও থাকে। আমরা যে জরিপ করেছি, সেখানে ছাত্ররা বিভিন্ন মতামত দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা স্থির করেছি, সংগঠনে ২৮ বছরের বেশি বয়সের কেউ থাকবে না। এই সংগঠনটির বিশেষত্ব হলো- দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুড়বৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুড়বৃত্তি করবে না।
আবু বাকের বলেন, সারা দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি আমরা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রকাশ করতে পারিনি। আমাদের আহ্বায়ক কমিটিতে হাজার হাজার মানুষকে নিয়ে আসা সম্ভব নয়। আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন ইউনিটভিত্তিক কমিটি করা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কমপক্ষে ছয় মাস সময় লাগবে সারা দেশের কমিটি করতে। সারা দেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দেওয়ার আকাক্সক্ষা দেখতে পেয়েছেন উল্লেখ করে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির কয়জন- এটা জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা নয়। কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কে নর্থ সাউথে পড়ে, কে ব্র্যাকে পড়ে সেটা আমরা দেখব না। জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের জন্য যারা কাজ করতে চায়, আমরা তাদেরই গুরুত্ব দেব। জুলাইতে যেহেতু আমরা পাবলিক প্রাইভেট বিভাজনটা করিনি, আজকেও আমরা এটার পক্ষে নই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবদুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ।
এর আগে গত বুধবার ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ মূলনীতি ও ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগান সামনে রেখে কমিটি ঘোষণা করে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।