অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কমানোর ব্যবস্থা নেওয়া হবে। এবারের বাজেটে জনগণের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটবে। রংপুর অঞ্চল খুবই সমৃদ্ধ। এখানে নূরল দীন, বেগম রোকেয়া ও আবু সাঈদের মতো বীরের জন্ম। কোনো অঞ্চলকেই বৈষম্যের বেড়াজালে পড়তে হবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সব এলাকাকে ট্যাক্সের আওতায় আনা হবে। গত বছর ৪ লাখ আয়কর রিটার্ন ছিল, এবার সাড়ে ১৪ লাখ ট্যাক্স রিটার্ন অনলাইনে পেয়েছি। ভ্যাট কমানোর বিষয়টি কঠিন হলেও, এ বিষয়ে কাজ করা হবে। ব্যবসায়ীদের সারচার্জ বিষয়েও এবার কাজ করা হচ্ছে। সেরা করদাতা, কর বাহাদুরসহ বিভিন্ন পুরস্কারপ্রাপ্তদের সম্মান জানানোর বিষয়টি সরকারের বিভিন্ন বিভাগকে জানানো হবে। ভ্যাট রিটার্ন প্রক্রিয়া আরও সহজীকরণ ও ট্যাক্স প্রদানের বিষয়টি নিয়ে আরও কাজ করা হবে।
এ ছাড়া তিনি বলেন, ‘ল্যান্ড রেজিস্ট্রেশন বিষয়ে আমরা কাজ করছি। এটি সহজীকরণ করা হবে। রংপুরের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। ১৮ কোটি মানুষের চোখকে ৩৬ লাখ মানুষের চোখ বানাতে হবে। আয়কর ও ভ্যাট নেট আরও বাড়ানো হবে।’