নিরাপদ পানি মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

ব্যবহার ও পানযোগ্য নিরাপদ পানিকে দেশের প্রতিটি নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে উচ্চ আদালত। একই সঙ্গে পানযোগ্য নিরাপদ খাবার পানি গুরুত্বপূর্ণ স্থানে (পাবলিক প্লেস) বিনামূল্যে সরবরাহ নিশ্চিতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাঁচ বছর আগে দেওয়া এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে ২০২০ সালের ২৫ মার্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) রুল দিয়েছিল হাইকোর্ট। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় হলো। এ রিট মামলাটিতে অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহায়তাকারী) হিসেবে শুনানি ও মতামত দেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ও আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল ইসলাম। পানি নিয়ে হাইকোর্টের এ রায়টিকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রায়ে আদালত বলে, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এ পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করতে আদালত বেশ কিছু নির্দেশনা দেয়।