বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীকে গুলি

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ম বহির্ভূতভাবে নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলন করার সময় বাধা দিলে দুই দফায় প্রায় অর্ধশত রাউন্ড গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা।

এই ঘটনায় নৌকা থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন একজন। একটি ড্রেজার আটক করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে উপজেলার ষোলআনী বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত পলাশ বলেন, ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামসংলগ্ন মেঘনা নদীতে একটি বৈধ বালুমহাল থাকলেও সন্ধ্যা হলেই তারা ড্রেজার নিয়ে নদীর তীরে চলে আসে। নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের কারণে শতাধিক বিঘা জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেলা পৌনে বারোটার দিকে কয়েকটি ড্রেজার নিয়ে ষোলআনী বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন করছিল তারা। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মহড়া দিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের বাধা দিতে গেলে তারা এলাকাবাসীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছাই, অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় লালু বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করার ঘটনার সততা আমরা পেয়েছি, আটককৃত ড্রেজার নৌপুলিশের হেফাজতে রয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।