অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে : রফিকুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরে তৈরি করা ২ কোটি ভুয়া ভোটার বাতিল করে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকার মাধ্যমে অবিলম্বে স্থানীয় সরকারগুলোর নির্বাচন দিতে হবে। এরপরই সংস্কারের মাধ্যমে জাতীয় নির্বাচন চাই। কেননা অতীত অভিজ্ঞতায় কোনো দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ এবং স্বচ্ছভাবে হয়নি। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা-থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান অবিলম্বে বিগত জুলাই-আগস্ট বিল্পবের গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানিয়ে বলেন, এ দাবি আমাদের নয়, এ দাবি দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি। তিনি বলেন, সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসর যারা হত্যাকা-ে উস্কে দিয়েছে ও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে বিচার এবং শাস্তি দিতে হবে। একই সঙ্গে বিগত ২০১৪,২০১৮ এবং ২০২৪ সালের নজিরবিহীন ও ভোটারবিহীন প্রহসনের নির্বাচনগুলোতে যারা তৎকালীন সরকারকে অন্যায়ভাবে সহযোগিতার মাধ্যমে দিনের ভোট রাতে, কখনোবা আগের দিন বিকেলেই উপজেলায় নির্বাচন অফিসে বসে ভোট চুরি করেছে। প্রশাসনের তাদেরও চিহ্নিত করে বিচার এবং শাস্তির আওতায় আনতে হবে।