ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে আগামী দুই বছরের জন্য বিশিষ্ট শিল্পপতি, সৈয়দ মঞ্জুর এলাহী পুনরায় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড সভাপতি, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সৈয়দ মঞ্জুর এলাহী ‘এপেক্স গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তাকে এ দেশের পাদুকা শিল্পের পথিকৃৎ বলা হয়। এ ছাড়া তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান। পাশাপাশি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নেতৃত্বগুণের জন্য ১৯৯৬ এবং ২০০১ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে দুবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালে তিনি অন্যতম সংগঠক ছিলেন এবং অবৈতনিক কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেন।
সৈয়দ মঞ্জুর এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি