স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি। আর্জেন্টিনার ‘ভবিষ্যৎ মেসি’ খ্যাত ১৯ বছর বয়সী এই ফুটবলার বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ইংলিশ ক্লাবটির জার্সিতে খেলার জন্য তর সইছে না তার।
২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১ কোটি ২৫ লাখ পাউন্ডে এচেভেরির সঙ্গে চুক্তি করেছিল ম্যানচেস্টার সিটি। চুক্তির মেয়াদ ছিল ৪ বছরের। তবে গত মাস পর্যন্ত তিনি ধারে আর্জেন্টিনার ক্লাবটিতেই ছিলেন। রিভার প্লেটের হয়ে ৪৮ ম্যাচে গোল করেছেন ৪টি। এছাড়া সদ্যই অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৬ গোল করেছেন। যদিও তার দল হয়েছে রানার্সআপ।
এবার ম্যান সিটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত এচেভেরি বলেছেন, ‘ম্যানচেস্টারে থাকতে এবং অবশেষে নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পেরে আমি কতটা রোমাঞ্চিত, তা বলে বোঝাতে পারব না। ফুটবল আমার জীবন এবং স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটিতে খেলা। এখন সেই স্বপ্ন পূরণের আরও কাছে আমি। এটি বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফিই জেতে না, তারা খেলাটি খুব সুন্দরভাবে খেলে।’
এচেভেরি এমন একটা সময়ে সিটিতে এলেন, যখন পেপ গার্দিওলার দলের অবস্থা করুণ। গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি এবারের লিগে আছে চতুর্থ স্থান। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা ২০ পয়েন্টে পিছিয়ে। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকেও তাদের বিদায় ঘটেছে। এবার দেখার, এচেভেরি গিয়ে ক্লাবের ঘুরে দাঁড়ানোয় অবদান রাখতে পারেন কিনা।