নেপালে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার ভোরে দেশটিতে আঘাত হানা এ ভূমিকম্পের ফলে হিমালয় অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল দেশটির মধ্যাঞ্চলের সিন্ধুপালচক জেলায়।
জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ২টা ৫১ মিনিটে আঘাত হেনেছে ভূমিকম্প। সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।
এনডিটিভি জানিয়েছে, নেপালের বেশ কয়েকটি অঞ্চলে, বিশেষ করে পূর্ব ও মধ্য অঞ্চলে মানুষ ভূমিকম্প অনুভব করেছে। ভারত এবং চীনের তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিস্থিতি মূল্যায়ন করছে।