ক্ষমতা চিরস্থায়ী করতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়েছিল আওয়ামী লীগ: প্রেস সচিব

ফ্যাস্টিস্ট আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের (হেফাজতে ইসলাম বাংলাদেশ) ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে দলটির পক্ষ থেকেই রিসার্চ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে পারে।’

এ সময় শাপলা চত্বরের ঘটনায় তদন্ত হওয়া জরুরি বলেও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়ে বিশ্বের কাছে বন্ধু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রেসসচিব।  তিনি বলেন, ‘এতে করে একপেশে ভোটের পরও বাইরে থেকে সে অর্থে কেউ আওয়াজ তোলেনি।’

প্রেস সচিব বলেন, ‘চব্বিশের তরুণরা শেখ হাসিনাকে দেখিয়েছেন, যে স্বৈরাচারের সময় শেষ। শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার। তবে আপাতত গণ-অভ্যুত্থান প্রাধান্য পাবে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। তবে সুবিচারের জন্য সময় প্রয়োজন।’