শৈলকুপায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সে সময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১২টার দিকে সুফী মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকা পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।