পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জনের বেশি। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজের পরই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, শুক্রবারের নামাজের পর মুসল্লিরা যখন বের হচ্ছিলেন, তখন সামনের সারিতে বোমাটি বিস্ফোরিত হয়। খাইবার পাখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জুলফিকার হামিদ বলেছেন, জমিয়ত উলেমা-ই-ইসলামের (জেইউআই-এস) আমির মাওলানা হামিদ-উল-হক হাক্কানি হামলার লক্ষ্যবস্তু ছিলেন। তিনি চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। মাওলানা হামিদ দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার প্রশাসকদের একজন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।