স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ঈদের পর: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল রমজানে প্রকাশিত হবে এবং ভর্তি প্রক্রিয়া ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জবি উপাচার্য বলেন, ‘আজ সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে জবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে।’

দীর্ঘ চার শিক্ষাবর্ষ পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত ছিল বিশ্ববিদ্যালয়টি।

এর আগে গত ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত এবং ১৫ ফেব্রুয়ারি এ অনুষদের ফল প্রকাশ করা হয়। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।