পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের শেষ ম্যাচও জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ ৪৫-২৭ পয়েন্টে নেপালকে হারিয়েছে। তাতে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ায় শেষ ম্যাচ ছিল আনুষ্ঠানিকতা।
পল্টন ময়দানে ১০ মিনিটে লোনা সহ চার পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে বাংলাদেশ মাত্র চার পয়েন্টে এগিয়ে থাকে। প্রথমার্ধ ১৯-১৫ পয়েন্টে শেষ হয়। দ্বিতীয়ার্ধে পয়েন্টে বাড়ানোর দিকে মনোযোগী হয় বাংলাদেশ। দুটি লোনা পেয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উল্লাস করে বাংলাদেশের খেলোয়াড়রা।
ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা কেচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন সহ অনেকে।