সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হবে রমজান মাস।

শুক্রবার সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার। 

এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।