রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘তাদের মধ্যে বোধোদয় এলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, গ্রামাঞ্চলের অবস্থা এখন ভালো নয়। সেখানে টাকার বিনিময়ে মামলা দেওয়াসহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ড চলছে। আমরা আশা করছি, একটা ইলেকশনের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে। তা ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সে ইলেকশনটা কীভাবে হবে? হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? সংস্কার-পর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে।