অসুস্থ মাকে দেখতে এসে হামলার শিকার ছাত্রলীগ নেতা

ফেনীর সোনাগাজীতে মায়ের অসুস্থতার খবর পেয়ে হামলার শিকার হলেন ছাত্রলীগ নেতা। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্রের পর পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে উপজেলার মজলিশপুর ইউনিয়নের রাগবপুর গ্রামে ঘটে। ওই ছাত্রলীগ নেতার নাম দ¦ীন মোহাম্মদ ফিরোজ, সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মজলিশপুর ইউনিয়ন শাখার সহসভাপতি। সে রাঘবপুর গ্রামের মনির উদ্দিন হাজী বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার জন্য আহতের পরিবার স্থানীয় আবুল হোসেন লিটন ও তার অনুসারীদের দায়ী করেছেন।

স্থানীয়রা জানায়, ঘটনার আগে ১০-১২ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় তারা তাকে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে কয়েক ঘণ্টা নির্যাতন চালায়। খবর পেয়ে পুলিশ এলে তারা তাকে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সহায়তায় পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।