রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে এসি বিস্ফোরণে আব্দুল মালেক খান (৪০) নামে এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় ফারুক (৪০) নামে এক গাড়িচালক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। হতাহত দুজনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিয়ামের কর্মী।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, গতকাল রাত ৩টা ৩৪ মিনিটে ফোন পেয়ে তাদের তেজগাঁও স্টেশন থেকে দুটো ইউনিট ঘটনাস্থলে যায়। সোয়া ৪টার দিকে তারা আগুন নেভায়। বিয়ামের ওই স্থাপনায় বিভিন্ন দপ্তরের পাশাপাশি মিলনায়তন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ১০ তলা ভবনের ৫ তলায় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একটি অফিস কক্ষে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে এসিতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
হাতিরঝিল থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, নিউ ইস্কাটনের ওই ভবনে ৫ তলার ৪০৭ নম্বর কক্ষে আগুন লাগে। মৃত মালেক ও দগ্ধ ফারুক দুজনই ওই রুমে থাকতেন।
মৃত আব্দুল মালেক খানের ভাই সোহেল খান বলেন, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তার ভাই মালেক বিয়াম কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। রাতে তিনি অফিসেই ঘুমাতেন। ভাইয়ের মৃত্যুকে রহস্যজনক বলেও দাবি করেন সোহেল খান।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিউ ইস্কাটন থেকে ফারুক নামে একজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে আসেন। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল।