‘পিএসজিতে খুব খারাপ কেটেছে, মায়ামিতে উপভোগ করছি’

বার্সেলোনায় ২১ বছর কাটিয়ে চোখের জলে বিদায় নিয়েছিলেন লিওনেল মেসি। ২০২১ সালে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দুই বছর মোটেও ভালো কাটেনি। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার পর একাধিকবার এই কথা বলেছেন মেসি। এবার ফের তার মুখে শোনা গেল পিএসজির কথা।

ফরাসি ক্লাবটির হয়ে ৭৬ ম্যাচে ৩২ গোল আর ৩৫ অ্যাসিস্ট করেছিলেন মেসি। সম্প্রতি অ্যাপল মিউজিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ইন্টার মায়ামিতে খেলতে পারাটা দারুণ একটা সুযোগ ছিল। প্যারিসে আমার শেষ বছরটায় যেসব ঘটনা ঘটছিল, তাতে আমি ভিন্ন কিছু ভাবতে বাধ্য হয়েছিলাম। কারণ, আমাকে বার্সেলোনা ছেড়ে যেতে হয়েছে এবং সেখানে (পিএসজি) দুই বছর মোটেও উপভোগ করিনি।’

মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৪২ ম্যাচে ৩৬ গোল এবং ২০টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি আরও বলেছেন, ‘পিএসজিতে আমি অনুশীলন কিংবা ম্যাচ নিয়ে সন্তুষ্ট ছিলাম না। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। আমি মায়ামিতে আসার আহবানে সাড়া দিয়েছিলাম, কারণ মাত্র কয়েক বছরের মধ্যেই এই ক্লাবটি দ্রুত এগিয়ে যাচ্ছে।’

বর্তমান ক্লাব নিয়ে মেসি আরও বলেন, ‘আমি আজ যেখানে আছি, যার করছি… দৈনন্দিন কাজ, অনুশীলন, ম্যাচ, বন্ধুবান্ধব এবং পরিবার- সবকিছু নিয়ে খুব উপভোগ করছি। আমি যখন আর্জেন্টিনা যাই, তখন উপভোগ করি। আমি যখন ছোট ছিলাম, অনেককিছু বুঝতাম না, সেই সময়ের চেয়েও বেশি উপভোগ করি। সেই ছোটখাট জিনিসগুলো উপভোগ করি, যা আগে গুরুত্ব দিতাম না। সত্যি বলতে, আমি খুব খুশি।’

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ, যাতে অংশ নেবে পিএসজি, ম্যানচেস্টার সিটি, চেলসির মতো দলগুলো। এই আয়োজনকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন মেসি, ‘আমি মনে করি, ক্লাবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করা দারুণ ব্যাপার।  এটা এমএলএসের (মেজর সকার লিগ) জন্যও লিগ হিসেবে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ। অন্যান্য খেলোয়াড়েরাও এর মাধ্যমে নিজেদের উন্নত করতে পারবে।’