বিএনপির অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে। কোনও একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে রাজনৈতিক অঙ্গণে বিভেদ বিভাজন সৃষ্টি করে ফয়দা হাসিলের চেষ্টা করছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে তারা অপপ্রচার ও ননইস্যুকে ইস্যু বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে তারা জাতীয় নির্বাচন প্রলম্বিত করতে অমূলক দাবি করছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময়সভায় তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি নজরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন বিলম্বিত হওয়ায় জনগণ হতাশ ও অস্থির হয়ে উঠছে। দেশ অস্থিতিশীল হয়ে উঠছে, আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতির অবনতি ঘটছে। নির্বাচিত না হওয়ায় অন্তর্বর্তী সরকার পরিস্থিতি শক্ত হাতে ও বাস্তব পদক্ষেপ নিয়ে মোকাবেলা করতে পারছে না। অন্যদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ছাত্রদের একাংশের নতুন রাজনৈতিক দল গঠনে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দর্শন ছাড়া শুধু স্লোগান নির্ভর রাজনীতি অচল হয়। নতুন দল গণতন্ত্র, নির্বাচন ও বাস্তবতার বিপক্ষে অবস্থান না নিয়ে দ্রুত নির্বাচন চাইবে এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই করবে। তিনি নতুন দলের প্রতি কতিপয় উপদেষ্টার সমর্থন ড. মুহম্মদ ইউসূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে বলে সভায় উল্লেখ করেন।

জ্যাকসন হাইটসের স্থানীয় এক রেস্টুরেন্টে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপাসনের বৈদেশিক কমিটির সহকারী হাফিজ খান সোহেল, গোলাম ফারুক শাহিন, ভিপি আলমগীর হোসেন, ভিপি জসিম উদ্দিন, এম এ কাইয়ুম, এম এ বাতেন প্রমুখ বক্তব্য রাখেন।