খুলনা

মশার উৎপাত থেকে রক্ষার দাবিতে মশারি মিছিল

মশার উপদ্রব থেকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনা মহানগরীতে মশারি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনা নাগরিক সমাজের উদ্যোগে পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মশা নিধনে সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নগরজুড়ে মশার উপদ্রব স্থায়ী রূপ লাভ করলেও সাম্প্রতিক এই উৎপাত অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দিনে-রাতে স্বাভাবিক জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের লেখা-পড়াসহ সকল কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তাই মশক নিধনে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।

খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না প্রমুখ।