একক অনুশীলনে রদ্রি

সমর্থকদের জন্য সুসংবাদ দিয়েছে ম্যানচেস্টার সিটি। চোট কাটিয়ে মাঠে ফেরার পথে আরেকধাপ এগিয়েছেন ব্যালন ডি'অর জয়ী মিডফিল্ডার রদ্রি। একক অনুশীলন শুরু করেছেন এই স্প্যানিশ তারকা।

গেল সেপ্টেম্বরের আর্সেনালের বিপক্ষে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচে গুরুতর চোট পান রদ্রি। পরে জানা যায়, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। এর জন্য পরে অস্ত্রোপচারও করাতে হয়।

কবে মাঠে ফিরতে পারবেন রদ্রি, সেটা এখনও স্পষ্ট নয়। তবে তার অনুশীলনে ফেরা সিটির জন্য স্বস্তির।

রদ্রির অনুপস্থিতি চলতি মৌসুমে সিটির পারফরম্যান্সে ভালোভাবেই ফুটে উঠেছে। লিগ টেবিলে এখন চতুর্থ স্থানে আছে সিটিজেনরা। ২৭ ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৭।