অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ হেরে যা বললেন বাটলার

ইংল্যান্ডের জন্য চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষ, সঙ্গে শেষ হলো জস বাটলারের অধিনায়কত্ব অধ্যায়ও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও জয়ের দেখা পেল না ইংল্যান্ড, ৭ উইকেটের বড় পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। নিজের অধিনায়কত্বের শেষ ম্যাচেও ব্যর্থ দলের ব্যাটিং লাইনআপ, যার ফলে হতাশার সুর ঝরল বাটলারের কণ্ঠে। 

পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আজকের পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। আমরা অনেক পিছিয়ে ছিলাম। উইকেট কিছুটা ধীরগতির হলেও ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু আমরা বড় ইনিংস গড়তে পারছি না, যা আমাদের দলের দীর্ঘদিনের সমস্যা।’ 

দলের আত্মবিশ্বাসের অভাবকেও বড় কারণ হিসেবে দেখছেন বাটলার। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না কেন এমনটা হচ্ছে। আমরা দল হিসেবে কাঙ্ক্ষিত ফল আনতে পারছি না, যা আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে। এখন সবার জন্য সুযোগ নিজেদের প্রস্তুত করার, নতুনভাবে ফিরে আসার।’ 

এখন দল পুনর্গঠনের সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই দলের ভেতরে ও বাইরে থাকা সবার জন্য এখন বিশাল সুযোগ নিজেদের প্রমাণ করার। সন্দেহ নেই, আমাদের দলে প্রতিভার অভাব নেই। ব্রেন্ডন (ম্যাককালাম) ও বোর্ডের অন্যান্য সদস্যরা নিশ্চয়ই ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবেন। তবে ব্যক্তিগতভাবেও প্রত্যেক খেলোয়াড়ের এগিয়ে আসতে হবে এবং দলকে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে হবে।’ 

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি স্মরণ করে বাটলার বলেন, ‘সেটি আমাদের জন্য দারুণ সময় ছিল। বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়া আমার জন্য গর্বের মুহূর্ত। এটি ছিল অধিনায়ক হিসেবে আমার সেরা দিন।’  জো রুটের উদাহরণ টেনে বাটলার বলেন, ‘রুট সবসময় ইংল্যান্ড ক্রিকেটের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। অধিনায়কত্ব ছাড়ার পর তিনি নিজের খেলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আশা করি, আমি তার পথ অনুসরণ করতে পারব।’ 

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতা ও বাটলারের বিদায় নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে ইংলিশ ক্রিকেটের জন্য। এখন দেখার পালা, এই পরিবর্তন তাদের জন্য কতটা ইতিবাচক হয়।